কিশোরদের দুই গ্রুপের দ্বন্দ্বেই খুন হয় মেহেদী: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয় আসামিদের। ছবি: সংগৃহীত
সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয় আসামিদের। ছবি: সংগৃহীত

দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে খুন হয় দক্ষিণখান চেয়ারম্যানবাড়ি নগরিয়া এলাকার মেহেদী হাসান শুভ (১৭)। গত ৩১ আগস্ট তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল শনিবার মেহেদী হত্যা মামলার প্রধান আসামি সাইফসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগ। তাদের জিজ্ঞাসাবাদেই বের হয়ে আসে এ হত্যাকাণ্ডের রহস্য। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলো মনির, আরাফাত, সাইফুল, মেহেরাব, আপেল, সিফাত ও সোহেল। ডিবির একটি বিশেষ দল রাজধানীর দক্ষিণখান ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রধান আসামি সাইফের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দক্ষিণখানের চেয়ারম্যানপাড়ার নগরিয়াবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার, বড়-ছোট দ্বন্দ্ব এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ‘শান্ত’ ও ‘আরাফাত’ গ্রুপের মধ্যে প্রায়ই হাতাহাতি ও মারামারি হতো। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মেহেদী খুন হয়। দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি এলাকায় কিশোরদের বিভিন্ন গ্রুপ সক্রিয় আছে। এদের মধ্য জিম-জিয়াদ গ্রুপ, শান্ত গ্রুপ, আরাফাত গ্রুপ, কামাল গ্রুপ ও আনছার গ্রুপ অন্যতম। এই গ্রুপগুলো ওই এলাকায় চাঁদাবাজি, ইভ টিজিং, ছিনতাই, হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

মাসুদুর রহমান আরও বলেন, ঈদুল ফিতরের ১০ থেকে ১৫ দিন আগে ‘আরাফাত’ গ্রুপের সদস্য কাউসার ওরফে কডা ‘শান্ত’ গ্রুপের হুন্ডা মেহেদীকে ‘তুই’ বলে সম্বোধন করে। ওই ঘটনার রেশ ধরে হুন্ডা মেহেদী ও মেহেদী হাসান শুভ কডাকে মারধর করে। পরে ১৮ আগস্ট মেহেদী হাসান শুভসহ ‘শান্ত’ গ্রুপের সদস্যরা ‘আরাফাত’ গ্রুপের সাইফকে মারধর করে। ৩১ আগস্ট মেহেদী এবং নাজমুল ‘আরাফাত’ গ্রুপের তৌকিরের বাঁ হাতের কবজি ও বুকের বাঁ পাশে সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনার পর থেকে ‘আরাফাত’ গ্রুপের সদস্যরা মেহেদী ও নাজমুলকে মারার জন্য খুঁজতে থাকে। ঘটনার দিন বিকেলে কেসি কনভেনশন হলে একটি জনসভায় ‘শান্ত’ গ্রুপের লোকজন মিছিল নিয়ে আসার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ‘আরাফাত’ গ্রুপের সদস্যরা মিছিলের ওপর আক্রমণ করে। ‘আরাফাত’ গ্রুপের সানি ও সোহেল মেহেদীকে জড়িয়ে ধরে। সাইফ ছুরি দিয়ে মেহেদীর বাঁ কানের নিচে আঘাত করে এবং অন্যরা লাঠি দিয়ে মারধর করে। আহত অবস্থায় মেহেদীকে প্রথমে কেসি হাসপাতালে, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহত মেহেদীর বাবা বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। এই মামলায় থানা-পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে ডিবি।