কিশোরী অন্তঃসত্ত্বা, ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সনাটি ইউনিয়নের এক কিশোরীর (১৫) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিশোরীর বাবা।
ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সনাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিদ্দিক মিয়ার বাড়িতে মাঝে মাঝে ওই কিশোরী কাজ করত। ৫ থেকে ৬ মাস আগে সিদ্দিক মিয়া কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের পর সিদ্দিক তাকে হুমকি দিয়ে বলে, ‘এ ঘটনা বাড়িতে গিয়ে কাউকে জানালে তোর বাবা, মা ও তোরে মেরে ফেলব।’ এই ভয়ে কিশোরী মুখ খোলেনি। এরপর আরও কয়েকবার ভয় ও প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে সিদ্দিক। সম্প্রতি কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন।
কিশোরীর এক স্বজন প্রথম আলোকে জানান, আনুমানিক ২০-২১ দিন আগে সিদ্দিক ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁকে জানিয়ে গর্ভে থাকা সন্তান নষ্ট করার প্রস্তাব দেয়। তবে ওই স্বজন তার প্রস্তাবে রাজি হননি।
সম্প্রতি ময়মনসিংহের একটি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ২২ সপ্তাহ আগে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে। পরে এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় কিশোরীর বাবা থানায় সিদ্দিক মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
সনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল আহমেদ বলেন, ‘মেয়ের পরিবারের পক্ষ থেকে কয়েক দিন আগে আমার কাছে অভিযোগ করা হয়েছে। আমি তাঁদের পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছি।’
তবে অভিযুক্ত ইউপি সদস্য সিদ্দিক মিয়া বলে, ‘ওই কিশোরী আমার বাড়িতে কাজ করত না। এ ছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ জানান, ‘ওই কিশোরীর বাবার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’