কিশোরী অপহরণ, মুক্তিপণ না পেয়ে ধর্ষণ
ঢাকার সাভারে খোকন মিয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী স্থানীয় এক কিশোরীকে (১৫) মুক্তিপণের জন্য অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীকে ছেড়ে দেওয়ার পর সে রাতে মামলা করেছে।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, খোকন মিয়া সাভার পৌর এলাকার পোড়াবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি একাধিক মাদক মামলার আসামি। কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাষ্য, ইব্রাহীম নামের এক বন্ধুর সঙ্গে সে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের ঘোড়াদিয়া এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে বেলা দুইটার থেকে ফেরার পথে ঘোড়াদিয়া সেতুর কাছে খোকন তাঁর দুই সহযোগীকে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর তাঁরা ইব্রাহীম ও ওই কিশোরীকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইব্রাহীমকে তাঁরা মারধর করে ছেড়ে দেন। এরপর তাঁরা ওই কিশোরীকে মোটরসাইকেলে তুলে পাশের অমরপুর এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যান। একটি কক্ষে চার ঘণ্টারও বেশি সময় ধরে তাকে আটকে রাখা হয়। এ সময় খোকন ছেড়ে দেওয়ার বিনিময়ে স্বজনদের কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ এনে দিতে বলেন। কিন্তু দরিদ্র মৎস্যজীবী বাবার কাছ থেকে ওই কিশোরী টাকা এনে দিতে না পারায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা তাকে ধর্ষণ করে ছেড়ে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মামলা দায়েরের পর গতকাল রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খোকনসহ তাঁর দুই সহযোগীকে আসামি করে মামলা করা হয়েছে। খোকন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে মাদকের মামলায় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
নাম প্রকাশ না করে এলাকার অন্তত পাঁচজন বলেন, সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে খোকন অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। এরপরও তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ান। মাদক ব্যবসার জন্য খোকনের একটি বাহিনী রয়েছে। এ কারণে কারণে তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না।