কিশোরী উত্ত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় কিশোরীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নমিতা দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাবুল মিয়া (৩০)। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শাল দিঘা গ্রামে। তিনি মৃত মিরাশ আলীর ছেলে।

উত্ত্যক্তের শিকার কিশোরী (১৩) স্থানীয় এক মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুল মিয়া ছয় মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে মেয়েটির মা-বাবা বাবুলের পরিবারের লোকজন ও গ্রামের মাতবরদের কাছে বিচার চান। কিন্তু এতে কোনো কাজ হয়নি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীর বাবা ইউএনওর কার্যালয়ে এসে তাঁর কাছে লিখিত অভিযোগ করে বিচার চান।

এদিকে ওই দিন সন্ধ্যা ছয়টায় ওই কিশোরী মাদ্রাসা ছুটির পর প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে বাবুল মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এসে বাবুলকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে রাত ১০টার দিকে বাবুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ইউএনও নমিতা দে প্রথম আলোকে বলেন, বাবুল নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল রাতে দণ্ডবিধি ৫০৯ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।