বাসাবাড়িতে ঝিয়ের কাজের কথা বলে এক কিশোরীকে (১৬) এক সপ্তাহ আগে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে মানব পাচারকারী দল। গ্রেপ্তার আতঙ্কে কিশোরীকে দুই দিন পর গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের এক বাড়িতে আটকে রাখে। গত মঙ্গলবার বিকেলে পুলিশ ওই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার এবং দুই নারীকে আটক করে। আটক নারীরা হচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার বটগাছতলা পোড়াভিটা এলাকার সুমা আকতার (২০) ও ঢাকার লালবাগ থানার আজিমপুর এলাকার মৌসুমী আকতার (২০)। পুলিশ ও উদ্ধার হওয়া কিশোরী জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোরীর বাড়ি। অভাবের কারণে ঢাকার দোহারে বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন কিশোরীর মা। দোহারের স্থানীয় এক যুবকের সঙ্গে কিশোরীর সখ্য গড়ে ওঠে। ভালো বেতনে বাসাবাড়িতে ঝিয়ের কাজ দেওয়ার কথা বলে মামুন ৫ জুলাই দৌলতদিয়া যৌনপল্লিতে কিশোরীকে বিক্রি করে দেয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই পুলিশ আটক হওয়া দুই কিশোরীসহ আদর্শ গ্রামের পলাতক ইছাক শেখের নামে মামলা করেছে।