কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে গত সোমবার রাতে নাসরিন আক্তার (১৩) নামের এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের একটি পাঁচতলা বাড়ির তিনতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান প্রথম আলোকে বলেন, নাহিদ হোসেন ও সেলিনা আক্তার নামের দম্পতির বাসায় কাজ করত নাসরিন। ওই দম্পতির আড়াই বছরের এক সন্তান আছে। নাহিদ একটি বায়িং হাউসে চাকরি করেন। সেলিনা গৃহিণি। সোমবার রাতে তাঁরা সন্তান নিয়ে গুলশানে একটি অনুষ্ঠানে যান। যাওয়ার আগে বাইরে থেকে বাসায় তালা দিয়ে যান। রাতে ফিরে এসে দেখেন, নাসরিন ঝুলছে। এরপর পুলিশে খবরদেওয়া হয়।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাসরিন আত্মহত্যা করেছে। ঝুলন্ত লাশের নিচে একটি প্লাস্টিকের টুলও পড়া ছিল। ধারণা করা হচ্ছে, ওই টুলের ওপর উঠে গলায় ফাঁস দিয়েছে নাসরিন। কারণ হিসেবে জানা গেছে, নিজের পরিবারের প্রতি ক্ষোভ থেকে এ ঘটনা ঘটাতে পারে নাসরিন।
তবে নাসরিনের ভগ্নিপতি মো. দুলাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নাসরিনকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানো হচ্ছে। বিভিন্ন কাজের কথা বলে মারধরের কারণে নাসরিন মারা গেছে বলে দুলালের ধারণা।
এই অভিযোগের ব্যাপারে ওসি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ ও পরে ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।