কিশোরী ধর্ষণের অভিযোগ, এক তরুণ গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে কোহিনূর ওরফে কোহি (২৫) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শুক্রবার ধর্ষণের শিকার ওই কিশোরীর দুলাভাই দুই তরুণের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে গণধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের সবুজ মোল্লা (২০) ও রাজীব শেখ (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছয় দিন আগে ওই কিশোরী উপজেলার একটি গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সে (কিশোরী) প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। ওই সময় স্থানীয় তরুণ সবুজ ও রাজীব আরও তিন সহযোগীকে নিয়ে ওই কিশোরীর মুখে কাপড় পেঁচিয়ে বাড়ির পাশের পাটখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে ফরিদপুরে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনূর নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।