কিশোরী ধর্ষণের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ করা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্যবিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান (২৮) ও নওগাঁ ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মহির উদ্দীন (২৯)।
তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান এবং নওগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হাই দুই যুবলীগ নেতার পরিচয় নিশ্চিত করে বলেন, এই দুজনকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরী বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছে। মামলায় বলা হয়েছে, কিশোরী তার ছোট ভাইকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল। গতকাল বিকেলে ছোট ভাইসহ চলনবিল এলাকায় যাওয়ার পথে দুই যুবক তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং থানা-পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে কিশোরীর ছোট ভাইয়ের কোনো সন্ধান মিলছে না।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে গতকাল রাতেই কিশোরী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।