কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ
বগুড়ার শেরপুরে এক কিশোরীকে (১৩) অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা গতকাল শনিবার দুজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, তিনি মেয়ের মায়ের অভিযোগ পেয়েছেন।
ওই কিশোরী বলে, ১৮ নভেম্বর সন্ধ্যায় তাঁর মা পাশের বাড়িতে যান। এ সময় মির্জাপুর গ্রামের মো. মিলন হোসেন (২৬) ও তাঁর বন্ধু মো. কাজল (২৬) তাদের বাড়ি ঢোকে। তাঁরা অস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় দেড় ঘণ্টা গাড়ি চলার পর একটি অজানা বাড়ির ঘরে তাকে আটকে রাখা হয়। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।
মেয়ের মা বলেন, বেশ কিছু দিন ধরে মিলন তাঁদের বাড়ির সামনে এসে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ জন্য তিনি মিলনকে নিষেধও করেছিলেন। গত শুক্রবার রাত ১০টায় মিলন তাঁর মেয়েকে স্থানীয় মির্জাপুর বাজারে ছেড়ে দিয়ে চলে যান।
গতকাল সকালে মিলন হোসেনকে তাঁর বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে ফোন কেটে দেন।