কিশোরীকে কুপিয়ে থানায় হাজির!
বরিশালে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছেন মনির হোসেন। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
বরিশাল মহানগরের কলাপট্টি এলাকায় আজ রোববার বেলা দুইটার দিকে ওই ঘটনা ঘটে। কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কিশোরীর নাম মুনিরা আকতার। নগরের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা স’ মিল শ্রমিক হেলাল মুনশির মেয়ে। নগরের পুরান কয়লাঘাট এলাকার বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপির একজন শ্রমিক। অভাবের কারণে অষ্টম শ্রেণি পড়ুয়া এই কিশোরীর পড়াশোনা কয়েক মাস আগে বন্ধ হয়ে যায়। আর মনির কলাপট্টি এলাকার মো. অহিদুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরী ও তার সহকর্মী রসুলপুর চর থেকে এমইপি কারখানায় যাচ্ছিল। চর সংলগ্ন খেয়া পাড় হয়ে পশ্চিমপাড়ে উঠে পোর্ট রোড হয়ে কলাপট্টি দিয়ে যাওয়ার সময় মনির হোসেন ওই কিশোরীকে ডাক দেয়। ডাকে সাড়া না দেওয়ায় মনির লাকড়ি দিয়ে কিশোরীকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে অদূরে এক ডাব বিক্রেতার কাছ থেকে একটি ধারালো দা ছিনিয়ে নিয়ে কিশোরীকে কুপিয়ে আহত করেন।
আহত কিশোরীর অভিযোগ, কলাপট্টির বখাটে মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। সে দীর্ঘদিন ধরে তাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছে। সাড়া না দেওয়ায় তাকে কুপিয়ে আহত করে।
রসুলপুর চরের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মনির মাদকাসক্ত। ওই কিশোরীকে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে প্রায় এক বছর আগে স্থানীয়ভাবে সালিস বৈঠক করে মনিরকে জুতাপেটাও করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিশোরীর দুই পায়ে এবং ডান হাতে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।
বরিশাল কোতোয়ালি থানার পুলিশ জানায়, কিশোরীকে কুপিয়ে আহত করার প্রায় এক ঘণ্টা পর মনির থানায় এসে আত্মসমর্পণ করেন। হামলার কথা স্বীকার করে মনির দাবি করেন, তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করে ওই কিশোরী অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। এখন তাঁকে পাশ কাটিয়ে আরেক ছেলেকে বিয়ে করতে চাইছে। এই আক্রোশে কুপিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বলেন, অভিযুক্ত মনির থানায় গিয়ে নিজেকে ধরা দেয় এবং সে কিশোরীকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।