কিশোরীকে কুপিয়ে বখাটে থানায়
বরিশালে এক কিশোরীকে কুপিয়ে জখম করেছেন মনির হোসেন (২৭) নামের এক যুবক। নগরের কলাপট্টি এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মনির। তিনি পুলিশকে বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই কিশোরীকে কুপিয়েছেন। মনিরের বাড়ি নগরের কলাপট্টি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কিশোরী শ্রমিক হিসেবে একটি কারখানায় কাজ করে। সে ও তার এক সহকর্মী কারখানায় কাজে যাচ্ছিল। কলাপট্টি এলাকায় গেলে মনির তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে কাছেই এক ডাব বিক্রেতার কাছ থেকে তাঁর দা ছিনিয়ে নিয়ে কিশোরীর হাতে-পায়ে কোপ দেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোরী জানায়, মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, কিশোরীর দুই পায়ে এবং ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।