যশোরের কেশবপুরে এক কিশোরীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে গ্রাম্য সালিসে ওই কিশোরী ও তার স্বামীকে নির্বাসন এবং স্বামীর পরিবারকে একঘরে করে রাখা হয়েছে।
ঘটনার শিকার মেয়েটির নাম সুইটি রানী সরকার। সে স্থানীয় মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সুইটি কেশবপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃণাল সরকারের মেয়ে। তাকে বিয়ে দেওয়া হয়েছে একই গ্রামের রাস মোহন সরকারের ছেলে তরুণ গোপাল সরকারের (২৪) সঙ্গে। তিনি দরজির কাজ করেন।
সংশ্লিষ্ট ব্যক্তি ও গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গোপালের সঙ্গে সুইটির প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার অপ্রাপ্তবয়স্ক হলেও তার বিয়ের আয়োজন করে। গত ২ মার্চ রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু সুইটি বিয়েতে রাজি নয় বলে জানালে এলাকার কিছু যুবক তাকে বেদম মারপিট করেন। একপর্যায়ে টেনেহিঁচড়ে তাকে গোপাল সরকারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোপালকে ধরে এনে দুজনের বিয়ে দেন ওই যুবকেরা।
পালিয়ে থাকা অবস্থায় সুইটি ১৭ এপ্রিল প্রথম আলোকে বলে, এলাকার যুবক দেবাশীষ সরকার, তন্ময় সরকার ও বিপ্লব সরকার এতে নেতৃত্ব দেন। তাকে প্রথমে নিজ বাড়ির উঠানেই মারপিট করেন তাঁরা। এরপর মারতে মারতে গোপালের বাড়িতে নিয়ে যান। মারধরে অসুস্থ হয়ে পড়লেও তাঁরা রেহাই দেননি।
বিষয়টি নিয়ে পরে স্থানীয়ভাবে দুই দফা সালিস বসে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় গোপালের বাবা রাস মোহন সরকার স্থানীয় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যানের উপস্থিতিতে ৩ এপ্রিল রাতে বাগডাঙ্গা গ্রামে সালিস বসে। হাজারখানেক মানুষের অংশগ্রহণে এ সালিসে নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন সরকার, লোলিত মোহন সরকার, দুর্গাপদ সরকারসহ গ্রাম্য কয়েকজন মাতবর। সালিসে সুইটি ও গোপালকে গ্রামছাড়া করা এবং গোপালের বাবা রাস মোহনকে একঘরে করার সিদ্ধান্ত দেন তাঁরা।
গোপালের বাবা রাস মোহন সরকার বলেন, ‘সমাজপতিরা আমার পরিবারের ওপর কঠিন অনুশাসন চালাচ্ছে। আমার ছেলেটি এখন নির্বাসনে। তাঁর সঙ্গে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আমাকে একঘরে করেছে। গ্রামের কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না। আমি এখন কীভাবে বাঁচব, বুঝতে পারছি না।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সুইটি ও গোপালের বিয়ে থেকে শুরু করে সব বিষয়ে ওই গ্রাম্য মাতবরদের ইন্ধন ছিল। প্রভাবশালী হওয়ায় এই মাতবরদের কথা মানতে অন্যরা বাধ্য হয়। এলাকার কেউই প্রতিবাদ করতে সাহস পায় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাতবরদের নেতা লোলিত মোহন সরকার বলেন, ‘আমরা যে সমাজে থাকি সেই সমাজের শৃঙ্খলা রাখার দরকার। তবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা সাময়িক।’ আইন অনুযায়ী ওই সালিসের রায় সঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
সুইটির বাবা মৃণাল সরকার স্থানীয় যুবকদের হাতে সুইটির মারপিটের শিকার হওয়া, পরে বিয়ে দেওয়াসহ সব বিষয় স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার কী করার আছে? ওরা এখন সুখে থাক।’
তবে সুইটি ও গোপালের সঙ্গে কথা বলে জানা গেল, তারা সুখে নেই। মাতবর ও এলাকার উচ্ছৃঙ্খল যুবকদের নির্মম নির্যাতন এবং নির্বাসনের জীবনের করুণ কাহিনির বর্ণনা দিয়ে গোপাল বলেন, ‘সুইটি এখনো কিশোরী। সে প্রাপ্তবয়স্ক হলে না হয় আমরা বিয়ে করতাম। কিন্তু যে পরিস্থিতির শিকার হয়েছি ও হচ্ছি, তাতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।’
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ওই সালিসে আমি উপস্থিত ছিলাম। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি আইনবিরোধী। সেখানেই আমি এর প্রতিবাদ করেছিলাম।’ বিষয়টি পুলিশ বা উপজেলা প্রশাসনকে না জানানো ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।