কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নরসিংদীর পলাশে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। ওই কিশোরী একটি ডাইং কারখানার শ্রমিক। এ ঘটনায় গতকাল শুক্রবার কিশোরীর মা থানায় মামলা করেছেন।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কারখানায় যাওয়া-আসার পথে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ফয়সালের পরিবারকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ফয়সাল ও তাঁর দুই বন্ধু কিশোরীকে থামান। পরে তাকে জোর করে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
কিশোরীর মা বলেন, ‘রাস্তার মধ্যে আটকাইয়া ডিস্টাব (উত্ত্যক্ত) করার কথা ফয়সালের বাড়ির মাইনষের কাছে আগে কইলেও আমরা গরিব মানুষ দেইখা তারা আমার কথা হুনে নাই। হেয় (ফয়সাল) তার বন্ধুগরে লইয়া আমার মাইয়ার সর্বনাশ করার লাইগা জঙ্গলে নিয়া গেছে।’
পলাশ থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ওই কিশোরীর মা তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।