কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে সাহিদ আলী (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাহিদের বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা সাহিদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নে। সপ্তাহ খানেক আগে সে পাশের পৃথিমপাশা ইউনিয়নে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সাহিদও ওই বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই কিশোরীকে একা পেয়ে সাহিদ ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে সাহিদকে আটক করে রাত ১০টার দিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে থানা হাজতে থাকা সাহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুলাউড়া থানার এসআই আসলামুজ্জামান জানান, কিশোরীর বাবার করা মামলায় সাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।