কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
রাজধানীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দারুসসালাম থানার পুলিশ। ১৭ বছরের ওই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাতে দারুসসালাম থানার লালকুঠি এলাকায় মেয়েটি ধর্ষণের শিকার হয়। মেয়েটির পূর্বপরিচিত কবীর নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার রাতেই থানায় ধর্ষণের মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কবীরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে থানার একজন নারী কনস্টেবল মেয়েটিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। মেয়েটি এখন ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতালে মেয়েটি জানিয়েছে, সে পোশাক কারখানায় কাজ করে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে।