কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু তৈয়ব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার শরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার থেকে তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া এলাকার এক কিশোরী অপহৃত হয়। গত ৯ এপ্রিল রাঙ্গুনিয়ার শরফভাটা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ২০ এপ্রিল ওই কিশোরীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে প্রথম আলোকে বলেন, ওই কিশোরীকে অপহরণের পর রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, এ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।