কিশোরীকে যৌন হয়রানির মামলায় দুজন গ্রেপ্তার
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দৌলতপুর জয়নগর বাজার থেকে গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক যুবক (৩০) ১৭ জুলাই ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে কিশোরীর বাবা বাড়িতে আসেন।
ওই কিশোরীর বাবা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য হুমায়ুন কবির ও ওই যুবকের বাবা গ্রাম্য সালিস বসিয়ে আপসের কথা বলে ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু এরপর আপস বা বিচার না করে টালবাহানা করতে থাকেন। অবশেষে কিশোরীর বাবা গত সোমবার বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টাকারী ওই যুবক ও তাঁর বাবা এবং ইউপি সদস্য হুমায়ুনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।