রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ধর্ষণ চেষ্টার শিকার এক কিশোরীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সরুজ্জামান নামের এক স্থানীয় ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করা হয়। কিশোরীটি যে বিদ্যালয়ের শিক্ষার্থী ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন। ঘিলাছড়ি বাজারের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ মানববন্ধন হয়।
ওই কিশোরীর স্বজনেরা জানান, গত ১২ এপ্রিল রাতে ওই কিশোরী বাড়ির বাইরে শৌচাগারে যায়। এ সময় মো. সরুজ্জামান আড়াল থেকে মুঠোফোনে ভিডিও করেন। কিশোরীটি শৌচাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন সরুজ্জামান। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করে লাভ হয়নি। উল্টো গত ২২ জুলাই সরুজ্জামান ভুয়া আইডি থেকে ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেন।
ছাত্রীর দাদু অভিযোগ করেন, গ্রামে বিচার না পাওয়ায় ৪ আগস্ট নানিয়ারচর থানায় যাওয়ার পর পুলিশ মামলা নেয়নি। ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার পর তাঁর নাতনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। সরুজ্জামান তাঁদের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে মো. সরুজ্জামান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি কোনো মেয়ের অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, থানায় এ পর্যন্ত কোনো ব্যক্তি অভিযোগ নিয়ে আসেননি। পুলিশ মামলা নেয়নি এ অভিযোগ মিথ্যা।