কিশোরীর গায়েহলুদে হাজির ইউএনও...
আজ শুক্রবারই বিয়ের দিনক্ষণ ধার্য। সব আয়োজন শেষ। বাড়ির উঠানে করা হয়েছে মঞ্চ। সেখানে গতকাল বৃহস্পতিবার গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি পণ্ড করে দেন কিশোরীর বিয়ের সব আয়োজন।
সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়েটির বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামে।
গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলা জানা যায়, মেয়েটির বাল্যবিবাহ দিতে সব আয়োজনই সম্পন্ন করেছিল কনেপক্ষ। বরপক্ষসহ অতিথিদের খাওয়ানোর জন্য বাজারঘাট, রান্না করার হাঁড়িপাতিলসহ সব সরঞ্জামই বাড়িতে চলে আসে। গতকাল দুপুরে কনের গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় হাজির হন কুমারখালীর ইউএনও সাহেলা আক্তার। সঙ্গে ছিলেন কুমারখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশানারা নীলা, সাংগঠনিক সম্পাদক শামিমা পারভিন প্রমুখ।
ইউএনও মেয়েটির অভিভাবকদের বলেন, এত কম বয়সে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাঁর আহ্বানে সাড়া দিয়ে মেয়েটির বাবা-মা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। পাশাপাশি তাঁদের ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।
সাহেলা আক্তার প্রথম আলোকে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে পরিবারটির ওপর নজরদারি রাখার দায়িত্ব দিয়েছেন তিনি। এরপরও মেয়েটির বিয়ে দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।