কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আজ বৃহস্পতিবার এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর নাম ময়না আক্তার (১৬)। সে উপজেলার কুতুবপুর পূর্বপাড়ার বাসিন্দা আলাল উদ্দিনের মেয়ে। তিনি কৃষিকাজ করেন। ময়না ঢাকায় এক বাসায় আড়াই বছর গৃহপরিচারিকার কাজ করেছিল। দুই মাস আগে সে ওই কাজ ছেড়ে গ্রামের বাড়ি চলে আসে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ময়নার পরিবারের লোকজন বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ময়নার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ বেলা একটার দিকে ময়নার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।