জুরাইনে একটি বিদ্যালয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষকদের কেউ কেউ ওই কিশোরীর বাবাকে মুঠোফোনে ফোন করে বিরক্ত করলেও পুলিশ বলছে, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
কদমতলী থানার পুলিশ বলছে, দাম্পত্য কলহের জের ধরে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরী স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসে। পূর্বপরিচিত তরুণ শাওন মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে জুরাইন আদর্শ উচ্চবিদ্যালয়ে নিয়ে হাত-মুখ বেঁধে অন্য সহযোগীদেরসহ ধর্ষণ করেন। এ ঘটনায় শাওন, বিদ্যালয়টির নিরাপত্তাকর্মী মো. স্বপনসহ আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করে কিশোরী। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন মুন্না, জলিল, মো. মিশাল, মো. মাসুদ, মো. সজীব ও তানজিল ওরফে তাঞ্জু। তাঁরা সবাই জুরাইনের।
ধর্ষণের শিকার মেয়েটির বাবা গত রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তবে আসামিদের কেউ কেউ দু-এক দিন পরপর মুঠোফোনে ফোন করে তাঁকে বলছেন, মামলা চালিয়ে কী হবে? এ ছাড়া আসামিরা নানাভাবে তাঁকে বিরক্ত করছেন। যেসব নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেগুলো তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসির কাছে দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া রোববার প্রথম আলোকে বলেন, এই মামলার এজাহারভুক্ত আসামি মো. স্বপন গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণে সরাসরি অংশ নেওয়া চারজনের নাম বলেছেন। তাঁরা হলেন শাওন, তানজিল, মুন্না ও মাসুদ। বর্তমানে স্বপন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। জুরাইন আদর্শ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ স্বপনকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনার পর এজাহারভুক্ত সাত আসামি পালিয়ে গেছেন।