কিশোরের পেরেকের আঘাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকার আশুলিয়ায় এক স্কুলছাত্রকে খুনের অভিযোগ উঠেছে কয়েক কিশোরের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার কিশোরকে গ্রেপ্তার করেছে।

নিহত আল-আমিন (১৪) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে পলাশবাড়িতে পরিবারের সঙ্গে থাকত এবং স্থানীয় মণ্ডল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তাঁর বাবা ঘোড়ার গাড়ি চালান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

সম্প্রতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের মধ্য এই হত্যার ঘটনা ঘটল। ‘গ্যাং কালচারের’ নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে রাজধানীসহ বিভিন্ন এলাকার কিশোরদের একটা অংশ।

আশুলিয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন কিশোর বলেছে, এলাকায় কে বড় আর কে ছোট, এ নিয়ে কয়েক দিন আগে একই এলাকার জে এল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে আল-আমিনের তর্ক হয়। সেখান থেকে তাদের মধ্যে বিরোধের শুরু। গত শুক্রবার বিকেলেও ওই দুই কিশোরের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। রাত নয়টার দিকে আল-আমিন তাঁর কয়েক বন্ধুকে নিয়ে পলাশবাড়ি বটতলায় যায়। অষ্টম শ্রেণির ওই ছাত্রও তার কয়েক বন্ধুকে নিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে আল-আমিন ওই কিশোরকে চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোর একটি বড় পেরেক দিয়ে আল-আমিনের বুকে আঘাত করে।

আল-আমিনের দুই বন্ধু বলেছে, পেরেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তারা আল-আমিনকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে তাকে সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আল-আমিনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।

আল-আমিনের বাবা আইয়ুব আলী বলেন, চার কিশোর তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের সহায়তায় আল-আমিনকে হত্যা করে অষ্টম শ্রেণির ওই ছাত্র। এ ব্যাপারে তিনি গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে পাঁচ কিশোরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অন্তত পাঁচজনকে আসামি করা হয়েছে।

তবে পুলিশি হেফাজতে থাকা অষ্টম শ্রেণির ওই ছাত্র বলেছে, আল-আমিন তাকে থাপ্পড় মারায় সে রাগের বশে পেরেক দিয়ে আঘাত করে। পুলিশি হেফাজতে থাকা অন্য দুই কিশোর বলেছে, ঘটনার আগে আল-আমিনই তাদের নিয়ে যায়। তাদের সামনেই কথা-কাটাকাটির একপর্যায়ে আল-আমিনকে পেরেক দিয়ে আঘাত করে অষ্টম শ্রেণির ওই ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। তিনি বলেন, অষ্টম শ্রেণির ওই ছাত্র ছাড়া বাকিরা পলাশবাড়ি এলাকায় থেকে রাজমিস্ত্রির জোগালির কাজ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে ওই ছাত্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অন্যদের আসামি করা হলেও তারা ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের মধ্য এই হত্যার ঘটনা ঘটল। চলতি বছরের শুরুতে কিশোর অপরাধের আলোচিত ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরায়। সেখানকার কিশোরদের দুই দলের বিরোধের জেরে ৬ জানুয়ারি খুন হয় নবম শ্রেণির ছাত্র আদনান কবীর। এ ঘটনার ১২ দিনের মাথায় তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ‘কে বড়, কে ছোট’ এ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় আবদুল আজিজ নামের এক কিশোর। এ দুটি ঘটনার মধ্যে ১৫ জানুয়ারি রূপনগরে এক স্কুলছাত্রকে পিটিয়ে আহত করে একদল কিশোর।

‘গ্যাং কালচারের’ নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে রাজধানীর উত্তরা এলাকার কিশোরদের একটা অংশ। ‘নাইন স্টার’ ও ‘ডিসকো বয়েজ’ নামে সক্রিয় এসব কিশোর শুরুতে মূলত ‘পার্টি’ করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো এবং রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার কাজে যুক্ত ছিল। বছরখানেক ধরে তারা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে।