কিস্তিতে টাকা তুলে না দেওয়ায় স্ত্রীর চোখ উপড়ে ফেলার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর দাবি ছিল এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ তুলে দেওয়ার। তাতে রাজি না হওয়ায় স্ত্রীর চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার রাজশাহীর পবা উপজেলায় এ ঘটনা ঘটে। গুরুতর জখম গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর পরিবার নগরের শাহ মুখদুম থানায় অভিযোগ দায়ের করেছে।

হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, গৃহবধূর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আঘাতের কারণে প্রতিক্রিয়া হয়েছে তাঁর চোখের ভেতরে। চিকিৎসা চলছে। সুস্থতার ব্যাপারে তাঁরা আশাবাদী। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এ জন্য অপেক্ষা করতে হবে।

ভুক্তভোগী গৃহবধূর নাম নুরেসা বিবি (৩০)। তাঁর স্বামী সিরাজুল ইসলাম (৩৫) পেশায় ট্রাকচালক। বাড়ি রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার বৈরাগীপাড়ায়। একই উপজেলার ভুগরইল এলাকার নুরুল ইসলামের মেয়ে নুরেসা।

১৪ বছর আগে নুরেসা ও সিরাজুলের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে নুরেসা বিবি অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী কারণে-অকারণে তাঁকে নির্যাতন করে আসছেন। স্বামীর চাপের মুখে এর আগে তিনি এনজিও  থেকে দুই লাখ টাকা তুলে দিয়েছেন। সেই ঋণের কিস্তি তাঁর স্বামী দেননি। বাধ্য হয়ে তিনি তাঁর (নুরেসা) মা-বাবা ও স্বজনদের কাছ থেকে টাকা এনে শোধ করেছেন। এখন আবার দুই লাখ টাকা ঋণ তুলে দিতে বলছেন। কিন্তু তিনি এবার টাকা তুলতে রাজি হননি।

নুরেসার বর্ণনা অনুযায়ী, টাকা তুলে দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর স্বামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি মেঝেতে পড়ে গেলে সিরাজুল আঙুল দিয়ে তাঁর দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ছুরি খুঁজতে শুরু করলে সেই ফাঁকে তিনি (নুরেসা) হাতের আন্দাজে দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন।

এ ঘটনায় গৃহবধূর মা নুরেদা খাতুন শাহ মুখদুম থানায় অভিযোগ  করেছেন। এতে সিরাজুলকে প্রধান আসামি ও তাঁর ভাই ফজলুর রহমানকে দুই নম্বর আসামি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান শাহ মুখদুম থানার ওসি আবদুর রউফ।

এ ব্যাপারে কথা বলতে গতকাল রাতে সিরাজুলের মুঠোফোনে বারবার কল করলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে দেন।