কী অপরাধ ছিল তাঁদের?
নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ২০ বছর ধরে অস্থায়ীভাবে চাকরি করেছেন ছয় ব্যক্তি। আশা ছিল, একসময় যথাযথভাবে তাঁদের স্থায়ী করে নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য তাঁদের কার্ডও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গুরুদাসপুরের সোনাবাজু গ্রামের আবদুল ওয়াহাব, উপজেলার খামারপাথুরিয়ার গ্রামের ফয়েজুর রহমান, সদর উপজেলার শহিদুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলার গোলাম মোস্তফা, বড়াইগ্রাম উপজেলার বাহার উদ্দিন, সাজদার রহমান প্রায় ২০ বছর আগে এসএসসি পাসের সনদ দিয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্পে মাঠপর্যায়ে মডেল ও সাধারণ রিসোর্স সেন্টারে কেয়ারটেকার পদে চাকরি নেন। ১ ফেব্রুয়ারি তাঁদের চাকরি থেকে বাদ দেওয়া হয়।
গত ১৪ জানুয়ারি দৈনিক ইত্তেফাক ও ১৩ জানুয়ারি আমাদের সময় পত্রিকায় ওই পদের জন্য উচ্চমাধ্যমিক/সমমানের যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে বলা হয়। তবে ওই বিজ্ঞপ্তির ১৩ নম্বর ক্রমে উল্লেখ রয়েছে, ‘বিদ্যমান/কর্মরত মডেল ও সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকারগণও ২৫/০১/২০১৫ ইং তারিখের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।’ সে অনুযায়ী ওই ছয়জন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর আবেদন করেন। তাঁদের ৭ ফেব্রুয়ারি নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য কার্ডও দেওয়া হয়। তাঁরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে যথাসময়ে উপস্থিতও হন।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে অন্যরা মৌখিক পরীক্ষায় অংশ নিলেও তাঁদের পরীক্ষার কার্ডগুলো আটকে রেখে প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরীক্ষা শেষ হলে তাঁদের বাড়ি চলে যেতে বলে কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশনের নাটোর কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান জানান, নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।