কী এমন অপরাধ স্কুলপড়ুয়া ছেলেটির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ছেলেকে হারিয়ে মা ছেমন আরা বেগমের আহাজারি। দুই পাশে দুই মেয়ে। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের যুবলীগের নিহত নেতা রমজান আলীর বাড়ি থেকে তোলা। ছবি: প্রথম আলো
দুই ছেলেকে হারিয়ে মা ছেমন আরা বেগমের আহাজারি। দুই পাশে দুই মেয়ে। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের যুবলীগের নিহত নেতা রমজান আলীর বাড়ি থেকে তোলা। ছবি: প্রথম আলো

‘আঁর সিজন তো কোনো রাজনীতি ন গইরত (আমার সিজন তো কোনো রাজনীতি করত না)। আঁর পোয়ারে লেখাপড়া গড়ি বড় অইত ন দিল (আমার ছেলেকে লেখাপড়া করে বড় হতে দিল না)। সন্ত্রাসীরা কিয়রলাই আঁর গুরা পোয়াগারে মাইরল (সন্ত্রাসীরা কী জন্য আমার ছোট ছেলেটাকে মারল)? চোখের সামনে ভাইয়েরে মারতে দেখে বাঁচানোর চেষ্টাই তার অপরাধ?’ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন স্কুলছাত্র মোহাম্মদ সিজনের মা ছেমন আরা বেগম।

মুক্তিযোদ্ধা নুরুল আবছারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সিজন ছিল সবার ছোট। চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে তাদের বাড়ি।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছোট দারোগাহাট কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবসের কর্মসূচি থেকে যুবলীগের নেতা রমজান আলী ওরফে খোকন (৩৩) ও তাঁর ছোট ভাই সিজন (১৬) ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। বড় দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (ওজন স্কেল) এলাকায় তাঁদের ওপর হামলা হয়।

আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে লাশ দুটি অ্যাম্বুলেন্সে বাড়িতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় পরিজনদের কান্নায় আকাশ যেন ভারী হয়ে ওঠে।
পরিবার সূত্র জানায়, সিজন গত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। আগামী বছর একটি বিষয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে।

সিজনের বড় বোন মিলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সিজন তো অবুঝ। কারও সঙ্গে শত্রুতা নেই তার। শত্রুতা থাকলে রমজানের সঙ্গে আছে। সিজনকে কেন মারল তারা। আমি খুনিদের ফাঁসি চাই।’
মিলি আক্তার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও বলেন, পৃথক মোটরসাইকেলে বাড়ি ফিরছিল রমজান আলী ও সিজন। ওজন স্কেলের কিছুটা দক্ষিণে স্পিডব্রেকার থাকায় ব্রেক কষলে ওত পেতে থাকা ইসলাম বাহিনীর (বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাঈদুল ইসলাম) লোকজন রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীকে এলোপাতাড়ি কোপাতে দেখে সহ্য করতে পারেনি সিজন। তাই রমজানকে প্রাণে বাঁচাতে গিয়েছিল অবুঝ ভাইটি। এটাই তার অপরাধ। এ জন্য তাকেও প্রাণ দিতে হলো।

সাঈদুল ইসলামসহ ৩৪ জনের নামে মামলা
রমজান আলী ও তার ভাই সিজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা করেছে পরিবার। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত দুজনের বড় ভাই সেলিম উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলাটি করেন। মামলায় বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলামসহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, নিহত দুজনের ভাই মামলাটি করেছেন। মামলা নম্বর ৩১। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।