আল আমিনের সারা দিন কেটেছে সিদ্ধান্তহীনতায়—বাড়িতে বসে থাকবেন, নাকি র্যাবের কাছে ধরা দেবেন। সিদ্ধান্ত নিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বজনদের সঙ্গে কথাও বলেছেন।
নরসিংদীর উত্তর গাবতলীর ছাত্রাবাসে অভিযানের পর গতকাল সোমবার যে সাতজনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে র্যাব, তাতে আল আমিনের নামও আছে। গত রোববার ওই অভিযান হয়।
র্যাব তাকে খুঁজছে, এই খবর পেয়ে আল আমিন বিভিন্ন মানবাধিকার সংস্থার কার্যালয় ঘুরে প্রথম আলোতে আসেন। তবে গতকাল রাত পর্যন্ত তিনি জানতেন না, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আল আমিন বলেন, ‘আমি যে কী করব, বুঝতে পারছি না। সারা দিন আমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মেম্বারের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে পরামর্শ চেয়েছি। কেউই কিছু বলতে পারছেন না। আমি বাবা-মায়ের বড় ছেলে। র্যাব আমার খবর নিচ্ছে শুনেই মা খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে।’ তিনি বলছিলেন, উচ্চমাধ্যমিক পর্যন্ত জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসায় পড়ার কারণে ওই এলাকায় যাতায়াত ছোটবেলা থেকে। নরসিংদী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন। ১৮ মে লিখিত পরীক্ষা দিয়েছেন, মৌখিক পরীক্ষা বাকি।
মামলা
গতকাল দুপুরের দিকে আল আমিনসহ সাতজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করেন র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রহমান। মামলার পরপরই এজাহারভুক্ত সাত আসামির দুজন সালাহউদ্দীন ও আবু জাফর মিয়ার নাম প্রকাশ করলেও বাকি পাঁচজনের নাম প্রকাশ করা হয়নি। র্যাব-১১-এর সিনিয়র এএসপি আলেপ উদ্দীন বলেন, বাকিদের নাম প্রকাশ করা হলে আসামি গ্রেপ্তারে অসুবিধা হতে পারে। সে কারণে নাম বলা হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা যাঁদের মূল টার্গেট করে বাড়িটি ঘেরাও করেছিলাম, ওই দিন তাঁদের অনেকে ছিল না। ঘটনার দিন বেশ কয়েকজন নিরপরাধ লোক ঢুকে পড়ে। ফলে আটকের পর তিনজনকে ছেড়ে দিয়েছি। আটক হয়নি এমন লোকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তবে রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এজাহারে দুই আসামির নাম-ঠিকানা থাকলেও বাকি পাঁচজনের পূর্ণাঙ্গ নাম-পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী মডেল থানায় ফোন করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজাহারভুক্ত আসামির নাম বলেন। এতে সালাহউদ্দীন, আবু জাফর মিয়া, আল আমিন ছাড়া যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন ঢাকার জনি, বাগেরহাটের আরিফ, তরিকুল ইসলাম ও বরগুনার নাজমুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, আবু জাফর মিয়া ও সালাহউদ্দীনকে গ্রেপ্তার দেখিয়ে বেলা আড়াইটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি।
নরসিংদীর উত্তর গাবতলী থেকে আটক পাঁচজনের তিনজনকে রোববার রাতেই ছেড়ে দেওয়া হয়। তাঁদের একজন মশিউর রহমান। মশিউরের বাবা রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান জানান, তাঁরা রাত নয়টার দিকে নারায়ণগঞ্জে র্যাব-১১ কার্যালয়ে যান। রাত ১২টার দিকে মশিউরকে ছেড়ে দেয় র্যাব। মশিউর এখন গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে রয়েছেন। ছেড়ে দেওয়ার সময় র্যাব সদস্যরা তাঁকে তাঁর সন্তান সম্পর্কে ভালো মন্তব্য করেন।
গতকাল গিয়ে ছাত্রাবাসটি তালাবদ্ধ পাওয়া যায়। কফিল উদ্দিন (৬৫) নামে ওই এলাকার একজন বাসিন্দা বলেন, বাড়িটি কিংবা বাড়িতে বসবাসকারীদের নিয়ে ভিন্ন চিন্তা মাথায় আসেনি। ভাবার মতো এমন কিছুই তাঁদের চোখে পড়েনি। পাশেই জামিয়া কাশেমিয়া মাদ্রাসা। গ্রেপ্তারকৃতরাও ওই মাদ্রাসায় পড়তেন, তাঁদের কাছেও মাদ্রাসার ছাত্ররাই বেশি পড়তে আসত।
গত শনিবার বিকেলে উত্তর গাবতলীর কুয়েতপ্রবাসী মঈনুদ্দীনের নির্মাণাধীন একতলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র্যাব। রোববার সকালে র্যাব পাঁচজনকে বের করে আনে। দুপুরের দিকে বাড়িটি তালা মেরে তারা চলে যায়। পরে নরসিংদী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র বাসিরুল ইসলাম, মশিউর রহমান ও নরসিংদী জামিয়া কাশেমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাসুদুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।