কী ছিল শিশুটির অপরাধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ কুমার
সৌরভ কুমার

কী ছিল শিশুটির অপরাধ? উমা রানী ও বলয় কুমার দম্পতি কাঁদছেন, আর জনে জনে জিজ্ঞাসা করছেন। কিন্তু কারও কাছে তাঁদের এ প্রশ্নের কোনো উত্তর নেই। কেউ জানে না, কেন হত্যা করা হলো তাঁদের পাঁচ বছরের শিশুটিকে। এই পরিবারটির কোনো শত্রু থাকতে পারে—ভাবতেও পারছেন না স্থানীয় বাসিন্দারা।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ থেকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে শিশু সৌরভ কুমারের গলা কাটা লাশ। আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল সে।
রায়গ্রামের বাড়িতে গেলে মুদি দোকানদার বলয় কুমার প্রথম আলোকে বলেন, গত রোববার দুপুর থেকে তাঁর ছোট ছেলে সৌরভ কুমার নিখোঁজ ছিল। বাড়ির পাশে খেলা করতে করতে সে নিখোঁজ হয়। এরপর অনেক স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। ওই দিনই তাঁরা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, তাঁদের বাড়ি থেকে আনুমানিক পাঁচ শ গজ দূরে জনৈক সাধন কুমার একটি পাকা বাড়ি তৈরি করছেন। গতকাল বেলা দুইটার দিকে বাচ্চারা সেখানে খেলা করার সময় ভবনটির কার্নিশের ওপর একটি পলিথিন দেখতে পায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটি নামিয়ে দেখা যায়, ওই পলিথিনে ভরে রাখা হয়েছে সৌরভের গলা কাটা লাশ।
সৌরভ কুমারের মা উমা রানী বলেন, তাঁদের দুই সন্তান। বড় ছেলে সজীব কুমার (১৩) আর ছোট ছেলে সৌরভ কুমার। তাঁদের কোনো শত্রু থাকতে পারে, এটা ভাবতে পারছেন না। তাঁর জিজ্ঞাসা, কী অপরাধ ছিল যে তাঁর ছেলেকে হত্যা করা হলো। উমা আরও বলেন, এ বছরই স্কুলে ভর্তির কথা ছিল সৌরভের।
প্রতিবেশীদের কয়েকজন বলেন, তাঁদের কারও সঙ্গে কোনো ঝামেলা আছে বলে তাঁরা শোনেননি। তারপরও কেন এমন ঘটনা, তা তাঁরা বুঝতে পারছেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তুচ্ছ কোনো কারণে এ ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা। তা ছাড়া পরিবারটির সঙ্গে কারও কোনো বড় ধরনের বিরোধ আছে বলেও এলাকার কেউ বলেনি। তবে তাঁরা জোর চেষ্টা করছেন হত্যাকারীদের শনাক্ত করতে।
ওসি বলেন, কাল (আজ মঙ্গলবার) ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।