নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কীর্তনে বাধা সৃষ্টি, মন্দিরে ঢুকে বিশৃঙ্খলা, আয়োজকদের ওপর হামলা এবং উৎসব কমিটির এক সদস্যের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দত্তখিলা গ্রামে।
এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কীর্তন কমিটির সভাপতি শশীভূষণ চক্রবর্তী থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে কলমাকান্দা উপজেলার দত্তখিলা গ্রামের হরিমন্দিরে তিন দিনব্যাপী বার্ষিকী কীর্তন-মহোৎসব শুরু হয়। কীর্তন চলাকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাশের পুটিকা গ্রামের বাসিন্দা মোশতাক, জসীম মিয়া, ইসমাইল মিয়াসহ কয়েকজন তরুণ উৎসব প্রাঙ্গণে গিয়ে নাচানাচি ও নারীদের উত্ত্যক্ত করতে শুরু করেন। এ সময় মন্দির কমিটির সদস্য মনোরঞ্জন তালুকদারের চাচাতো ভাই সুভাষ তালুকদার তাঁদের বাধা দেন। এ সময় তরুণেরা সুভাষকে কিল-ঘুষি মারতে থাকেন। এ ছাড়া মন্দিরে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করাসহ কীর্তন অনুষ্ঠানে বাধার সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা মন্দিরের পাশে মনোরঞ্জন তালুকদারের বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেন। পরে এলাকার লোকজন এসে আগুন নেভান। ঘটনার পর থেকে ওই তরুণেরা পলাতক।
কলমাকান্দা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুজন সাহা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি, নারীদের উত্ত্যক্ত করা ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণদের গ্রেপ্তারে অভিযান চলছে।