কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক নারী-পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো টিকা না থাকায় তা নিতে পারছে না আহত ব্যক্তিরা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার তালতলা, আড়াইবাড়ি, আকছিনা, অনন্তপুর, ধর্মপুর ও কেয়াই এলাকায় কয়েকটি কুকুর রাস্তায় দৌড়াতে দৌড়াতে যাকে পায় তাকেই কামড় দেয়। এ ছাড়া গত রোববার কায়েমপুর ও বায়েক এলাকায় কয়েকজনকে কামড়ায়। এই দুদিনে কুকুরের কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

স্থানীয় বাসিন্দা খোরশেদা বেগম জানান, হাসপাতাল ও পৌরসভায় জলাতঙ্ক রোগের কোনো টিকা পাওয়া যাচ্ছে না। কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা জানান, কুকুর নিধন না করায় আস্তে আস্তে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জলাতঙ্ক রোগের কোনো টিকা তাঁরা পাচ্ছেন না। এ কারণে সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহত কয়েকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল সকালে ২৪-২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, কসবায় কুকুরের কামড় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কুকুর ভাইরাসে আক্রান্ত হওয়ায় যাকে সামনে পাচ্ছে, তাকেই কামড়াচ্ছে। জলাতঙ্ক রোগের টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই; তবে পৌরসভা ও জেলা সদর হাসপাতালে রয়েছে।

এ ব্যাপারে কসবা পৌরসভার সচিব আয়েশা বেগম প্রথম আলোকে জানান, জলাতঙ্ক রোগ প্রতিরোধের টিকা কেনার জন্য বরাদ্দ এক লাখ টাকা দুই-আড়াই মাস আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে কোনো বরাদ্দ নেই।