কুড়িগ্রাম উলিপুরে দুই ছাত্রীকে গণধর্ষণ
কুড়িগ্রামের উলিপুরে দুই কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন পেট্রলপাম্পসংলগ্ন ঘরে সাত-আটজন যুবক ওই দুই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
উলিপুর থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামের ওই দুই কলেজছাত্রী গতকাল সকালে বই কিনতে উলিপুর বাজারে আসে। এরপর বেলা একটার দিকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য বাস টার্মিনাল-সংলগ্ন ওই পেট্রলপাম্পের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল দুই বান্ধবী। বাস আসতে দেরি হওয়ায় তারা পাম্পের উঠানে থাকা একটি বেঞ্চে বসে। এ সময় টার্মিনাল এলাকার হায়াৎ খাঁ গ্রামের ঝরু মিয়ার ছেলে এরফান আলীর (২২) নেতৃত্বে সাত থেকে আটজনের একদল যুবক পাম্পের পাহারাদারকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই দুই মেয়ের মুখ চেপে পাম্প চত্বরের একটি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাদের সঙ্গে থাকা মুঠোফোন সেট ও টাকা ছিনিয়ে নিয়ে একটি অটোরিকশায় তুলে তাড়িয়ে দেয়। ধর্ষণের শিকার দুই ছাত্রী সরাসরি থানায় এলে পুলিশ পাম্প এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ ও ধর্ষণের শিকার দুই তরুণীকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তাদের দেখিয়ে দেওয়া দুই ধর্ষণকারী এরফান আলী ও আতিক (২০) এবং পাহারাদার নগেনকে (৩৮) আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত বাকিদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ধর্ষণের শিকার তরুণীদের ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনায় জড়িত মূল ব্যক্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকিরাও শিগগিরই ধরা পড়বে।