কুড়িগ্রামে এক গ্রামের মানুষ অবরুদ্ধ, অপরটি পুরুষশূন্য
কুড়িগ্রাম সদর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জের ধরে এক গ্রামের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। আর গ্রেপ্তারের ভয়ে অপর গ্রামের পুরুষেরা এলাকাছাড়া। কয়েক দিন ধরে গ্রাম দুটিতে কোনো কাজকর্ম নেই। দরিদ্র লোকজন তাই মানবেতর জীবন যাপন করছে।
এলাকার অনেকে জানান, উপজেলার সওদাগরপাড়া ও একতাপাড়া গ্রামবাসীর মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এর পর থেকে এলাকা দুটিতে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ টহল দিচ্ছে। এতে এলাকার লোকজন আতঙ্কে রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গত রোববার সওদাগরপাড়ায় গিয়ে দেখা যায়, বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরবাড়ি হারিয়ে অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ সময় সওদাগরপাড়ার হায়দার আলী (৩২) জানান, গত বৃহস্পতিবার রাতে একতাপাড়ার শত শত মানুষ তাঁদের গ্রামে হামলা চালায়। এ সময় তাঁর ভ্যানটি পুড়িয়ে দেওয়া হয়। তিনি ভ্যানে করে আমড়া ও কামরাঙা বিক্রি করতেন। দুই ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে তিনি এখন বিপদে আছেন। হামলা ও গ্রেপ্তারের ভয়ে বাইরে যাওয়া যাচ্ছে না।
একতাপাড়ায় গিয়ে দেখা যায়, পুরো গ্রাম প্রায় ফাঁকা। ইতিমধ্যে এখানকার আট শতাধিক মানুষের নামে মামলা হয়েছে। তাঁরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গোটা একতাপাড়া এখন পুরুষশূন্য। এ সময় কথা হয় সালেহা, বিলকিছ ও রাহেলার সঙ্গে। তাঁরা জানান, তাঁরা সবাই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন।
জানা গেছে, গত বুধবার সওদাগরপাড়ার রতন (২১) ফুটবলে পাম্প দিতে একতাপাড়ার মুচির দোকানে যান। সেখানে পাম্প দেওয়ার সময় জুতা পলিশের কালি রতনের শার্টে লাগে। রতন মুচির ছেলে রবিদাসকে (১৬) মারধর করেন। পরে দুই গ্রামের ছেলেদের মধ্যে হাতাহাতি হয়। সালিস বৈঠকেও এর সমাধান না হওয়ায় ৩১ জুলাই রাতে উভয় পক্ষ লাঠিসোঁটা, হাঁসুয়া, রামদাসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বসতবাড়ি, দোকানপাট, অটো, মাইক্রোবাসসহ রিকশাভ্যান ভাঙচুর করা হয়। এর জের ধরে গত শুক্রবার সওদাগরপাড়ার লোকজন একতাপাড়ার রিকশাচালক আবেদ আলীকে মারধর করে। এরপর একতাপাড়ার লোকজন সওদাগরপাড়ায় হামলা চালায়।
সদর থানার ওসি আবদুল বাতেন মিয়া জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে। এতে ১২৪ জনের নাম উল্লেখসহ আরও এক হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। উভয় পক্ষের ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।