কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত শুক্রবার রাতে এক ব্যক্তি তাঁর বাবাকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।
নিহত ব্যক্তি আবুল কাশেম সরদার (৫৬) একজন ব্যবসায়ী। তাঁর ছেলের নাম শাহিনুর সজীব সরদার (২৭)। ফুলবাড়ী বাজার হাসপাতাল মোড়ে শুক্রবার রাত আটটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, নিহত কাশেম সরদার মোটরসাইকেলে করে কলেজ রোডের বাসায় ফিরছিলেন। এ সময় শাহিনুর হাসপাতাল মোড়ের একটি হার্ডওয়্যার দোকানের সামনে তাঁর বাবার মোটরসাইকেল থামান। এরপর রামদা দিয়ে কাশেমের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। কাশেমের চিৎকারে লোকজন জড়ো হলে শাহিনুর দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে স্থানীয় লোকজন ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাঁকে মারধর করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
স্থানীয় পথচারীরা কাশেমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কলেজ রোড এলাকার বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, শাহিনুর নিহত আবুল কাশেমের বড় ছেলে। শাহিনুর মাদকাসক্ত হওয়ায় কিছুটা ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি দুবার কাশেমকে হত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন দুপুরে শাহিনুর তাঁর বাবার কাছে দুই লাখ টাকা চান। কিন্তু কাশেম টাকা দিতে অস্বীকার করেন।
ফুলবাড়ী থানার ওসি এ বি এম রেজাউল করিম রেজা বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির মেজো ছেলে শরীফুজ্জামান রাজীব মামলা করেছেন।