কুড়িগ্রামে ভাইয়ের হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত ইউনুছ আলী (৫০) গত শনিবার বিকেলে মারা গেছেন। গত শুক্রবার পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাই হাছিফুর রহমান তাঁকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত ইউনুছ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি ভাটিয়া পাড়া গ্রামে গত বৃহস্পতিবার ইউনুছ আলীর বোন মোসলেমার সঙ্গে চাচাতো ভাই হাছিফুরের স্ত্রী লাইলী বেগমের ঝগড়া হয়। এরই জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় হাছিফুর আরও দুই জ্ঞাতি ভাইসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইউনুছ আলীকে তাঁর বাড়ির সামনেই এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ইউনুছ আলীর পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে হাছিফুর ধারালো ছুরি দিয়ে ইউনুছ আলীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত ইউনুছ আলীকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর নেওয়া হয়। গত শনিবার বিকেলে তিনি মারা যান।
রাজারহাট থানার ওসি আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির স্ত্রী কোহিনুর বেগম এ ঘটনায় গতকাল রোববার হাছিফুর, তাঁর স্ত্রী লাইলীসহ ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।