কুড়িগ্রামে হাসপাতাল থেকে শিশু চুরি
কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে গত শুক্রবার রাতে এক দিনের একটি শিশু চুরি হয়েছে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ইসাহাক আলীর স্ত্রী মমতা বেগম গত বৃহস্পতিবার নিজ বাড়িতে একটি পুত্রসন্তান জন্ম দেন। মা ও সন্তান দুজনেই অসুস্থ হলে মাকে বাড়িতে রেখে শিশুটিকে তার নানা বাছদ্দি ও নানি অহিজন শুক্রবার দুপুরে সদর হাসপাতালে এনে ভর্তি করেন। রাত আটটার দিকে বাছদ্দি বাইরের দোকান থেকে শিশুটির জন্য ওষুধ আনতে যান। এ সময় শিশুটিকে হাসপাতালের বিছানায় রেখে অহিজন বাথরুমে যান। এ সুযোগে হাসপাতালের রুমে বসে থাকা বোরখা পরা অজ্ঞাত এক নারী কৌশলে বাচ্চাটি নিয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে বাছদ্দি বলেন, ‘হাসপাতাল থেকে আমার নাতি চুরি হয়েছে। আমি আমার নাতিকে ফেরত চাই।’
কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্যবস্থাপক অজয় কুমার রায় বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত করে গেছে। এ ছাড়া শিশু চুরির ঘটনায় তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ‘আমরা চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি।’