কুড়িগ্রামে ১৩ জনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে আটজনের জেল এবং পাঁচ পরীক্ষার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার জেলার ৩৩টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে ক্ষুব্ধ কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধের নামে সরকারের নেওয়া উদ্যোগ আসলে একেবারেই অকার্যকর প্রমাণিত। এতে বরং আরও সহজে ও দ্রুত ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস এবং উত্তরপত্র পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর রাস্তা তৈরি হয়েছে। একটি শক্তিশালী সিন্ডিকেট প্রশ্নপত্র ফাঁস করে এসএমএসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। একটি এসএমএসের মূল্য ছিল ৫০ হাজার থেকে ২ লাখ টাকা। বাংলালিংক ও গ্রামীণফোনের কয়েকটি নতুন নম্বর থেকে এ এসএমএসগুলো এসেছে। নম্বরগুলো এখন বন্ধ। বাংলালিংকের ০১৯১৬২৯৫২২০ নম্বর থেকে সর্বোচ্চ এসএমএস সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল করিম মোহাম্মদ এতেশাম বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও প্রশ্নপত্র ফাঁসের হোতাদের আটক করা যায়নি। তবে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারী ও পুরুষ মিলিয়ে আটজনকে এক থেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ নারী পরীক্ষার্থীর প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পরীক্ষা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক এবং পরীক্ষার্থীদের মাধ্যমে ই-মেইল, প্রশ্নপত্রের ছবি তুলে এসএমএস এবং প্রশ্নপত্র কৌশলে ফাঁস করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আমাদের জানা নেই।’ তিনি দাবি করেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ বলেন, প্রশ্নফাঁস এবং নকল প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়। এরপরও দুষ্ট লোকরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সুযোগ ছিল না। তবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেউ চুরি করতে পারে। আমাদের নজরে আসামাত্র গ্রেপ্তার এবং মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। মূলত নীতি-নৈতিকতার অভাবে এমনটি হচ্ছে। আগামী দিনে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে পরীক্ষা নেওয়ার সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’