কুতুবদিয়ায় দুই জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া থানার পুলিশ গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলীঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক করেছে।
তাঁরা হলেন, সাগরের ত্রাস ও জলদস্যুসম্রাট আবদুল মজিদ (৪১) ও সহযোগী জলদস্যু আবদুল রহিম (৩৮)। তাঁরা স্থানীয় উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, দস্যুসম্রাট মজিদ তাঁর বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর ও উপকূলে মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে আসছেন। আটক দুই দস্যুর বিরুদ্ধে কুতুবদিয়া, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফ থানায় খুন, ডাকাতি, অপহরণসহ ডজন খানেক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার ভোররাতে ১২ জনের একটি দল নিয়ে মজিদ মাছ ধরার ট্রলারে লুটপাট চালানোর প্রস্তুতি নেন। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ১০ জলদস্যু একটি নৌকা নিয়ে সাগরে পালিয়ে গেলেও পুলিশ মজিদ ও রহিমকে ধরে ফেলে।