কুতুবদিয়ায় প্যারাবন কেটে শুঁটকিমহাল, লবণ মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগর দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপকূলীয় বন বিভাগের সৃজিত লেমশিখালীর প্রায় ১০ একরের প্যারাবন উজাড় করে তৈরি করা হচ্ছে একাধিক শুঁটকিমহাল ও লবণ উৎপাদনের মাঠ। এতে জীববৈচিত্র ধ্বংসের পাশাপাশি অতিথি পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ঝড়-জলোচ্ছ্বাস ঠেকিয়ে এই প্যারাবন দ্বীপের মানুষের জানমাল রক্ষা করে। অথচ সেই রক্ষাকবচ ধ্বংস করছে এলাকার কিছু প্রভাবশালী। প্যারাবন না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই কুতুবদিয়ায় অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
স্থানীয় ব্যক্তিরা জানান, গত ১৫ নভেম্বর তাবলরচর এলাকার ছৈয়দ নূরের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি বন বিভাগের সৃজিত কয়েক হাজার বাইন ও কেউড়াগাছের চারা উপড়ে ও কেটে ফেলে বিশাল প্যারাবন দখল করে নেন। এরপর সেখানে লবণ উৎপাদনের মাঠ ও শুঁটকিমহাল তৈরি করা হচ্ছে।
এর সত্যতা নিশ্চিত করে স্থানীয় আলী আকবর ডেইলস্থ্য বনবিট কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বায়নকৃত প্রায় ২০ হাজার বাইনগাছ চারা ধ্বংসের দায়ে গত ১৭ নভেম্বর ভূমিদস্যু ছৈয়দ নূরসহ ১২ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ ভূমিদস্যুদের ধরছে না।
কুতুবদিয়া থানার উপপরিদর্শক বসু মিত্র বলেন, ঘটনাস্থলে গিয়ে বাইন ও কেওড়াগাছ কাটার সত্যতা পাওয়া গেছে। এখন দখলদারদের ধরার চেষ্টা চলছে।
তাবলরচর গ্রামের জেলে আহমদ হোসেন বলেন, প্যারাবন উজাড় হওয়ায় নয়াপাড়া, সাইটপাড়া, আজম কলোনি, মিয়ারঘোনা, মলমচর, দক্ষিণ লেমশিখালী এলাকার অন্তত এক হাজার পরিবার দুর্যোগের কবলে পড়বে।
স্থানীয় আইনজীবী আইয়ুব হোছাইন বলেন, প্যারাবন কেটে শুটঁকিমহাল ও লবণ মাঠ করায় জীববৈচিত্র৵ ধ্বংসের পাশাপাশি অতিথি পাখির অভয়ারণ্য ও আবাসস্থল ধ্বংস হচ্ছে। গ্রামাঞ্চলের পাশে শুঁটকিমহাল করায় ঘরে ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুমিনুর রশিদ বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।