কুতুবদিয়ায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজমকলোনী গ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আজ রোববার বেলা ১১টার দিকে দুপক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ১১ জনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রসিদ উল্লাহ (৬৫), রাশেদুল ইসলাম (৩৫), মো. হোছাইন (৪৪), পেছু মিয়া (৫০), আনোয়ার হোসাইন (৪০), জাফর আলম (৫৫), জালাল আহমদ (৬০), বেলাল হোসেন (২৮), সাহেব উদ্দিন (৪৫), রমজান আলী (৪০) ও গোলাম ফারুক (৩৪)। গুলিবিদ্ধ লোকজনের সবার বাড়ি আজমকলোনী গ্রামে। তাঁরা সবাই লবণচাষি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিজবাহ উদ্দিন বলেন, ‘ছররা গুলির আঘাতে লবণচাষিরা আহত হয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত।’
গুলিবিদ্ধ রসিদ উল্লাহ ও রাশেদুল ইসলাম বলেন, এক যুগের বেশি সময় ধরে আজমকলোনীর শতাধিক চাষি সরকারি প্রায় ১৬ একরের মতো পরিত্যক্ত খাসজমিতে লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু পাশের কৈয়ারবিল ইউনিয়নের প্রভাবশালী মনোয়ারুল ইসলাম চৌধুরী ওই জমি দখলের পাঁয়তারা করছেন। গত জানুয়ারি মাসে তিনি (মনোয়ার) একাধিকবার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। আজ রোববার বেলা ১১টার দিকে মনোয়ারুল ইসলাম মুখোশধারী সন্ত্রাসীদের নিয়ে আবারও জমিটি দখল করতে আসেন। এ সময় শতাধিক চাষি মাঠে লবণ উৎপাদন করছিলেন। একপর্যায়ে সন্ত্রাসীরা চাষিদের লক্ষ্য করে গুলি চালায় ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে অন্তত ২৪ জন চাষি গুরুতর আহত হন। এর মধ্যে গুলিতে আহত ১১ জন চাষিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও মনোয়ারুল ইসলাম চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, লবণমাঠ দখল নিয়ে দুপক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ কাজ করছে।