কক্সবাজারের কুতুবদিয়া সাগর উপকূল থেকে গত বৃহস্পতিবার দুপুরে সশস্ত্র জলদস্যুরা ২৪ জেলেকে সাগরে নিক্ষেপ করে একটি মাছ ধরার ট্রলার লুট করেছে। নিক্ষেপ করা জেলের মধ্যে ২২ জনকে আরেকটি মাছ ধরার ট্রলার উদ্ধার করলেও অপর দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন কুতুবদিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল গ্রামের মো. কালুর ছেলে লেডু (৩৫) ও একই এলাকার আবদুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩)।
ট্রলারের মাঝি নাছির উদ্দিন বলেন, ১ সেপ্টেম্বর কুতুবদিয়ার কামাল উদ্দিনের মালিকানাধীন ট্রলারটি নিয়ে (এফবি খাজা আজমীর) ২৪ জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। কয়েক দিনে তাঁরা ইলিশ, গুইজ্যা, চান্দাসহ কয়েক লাখ টাকার মাছ আহরণ করেন। ১১ সেপ্টেম্বর সকালে গভীর সাগর থেকে ট্রলারটি উপকূলে ফেরার সময় কুতুবদিয়া থেকে ২০ কিলোমিটার দূরে জাহাজখাড়িতে জলদস্যু বাহিনীর কবলে পড়েন। দস্যুরা অবৈধ অস্ত্র দিয়ে জেলেদের জিম্মি করে। তারপর সবাইকে সাগরে নিক্ষেপ করে মাছ-জালসহ ট্রলারটি লুট করে।
ট্রলারমালিক কামাল উদ্দিন বলেন, জেলেরা তিনজন দস্যুকে (তাবলরচর গ্রামের জিয়াবুল, বাবুল, দক্ষিণ ধুরুং ইউনিয়নের পেঁচারপাড়ার নুরুল ইসলাম) চিনে ফেলায় মারধর করে জেলেদের সাগরে নিক্ষেপ করে। নিখোঁজ দুই জেলের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, সাগরে জলদস্যুদের অপতৎপরতায় জেলেরা মাছ ধরতে পারছেন না। গত সাত দিনে এই উপকূলে অন্তত আটটি ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা।