জাপানের নাগরিক কুনিও হোশি (৬৬) হত্যার তদন্তে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ঘটনার
পর ৪৮ ঘণ্টার বেশি সময় কেটে গেছে, এখন পর্যন্ত হত্যার কোনো সূত্রই মেলেনি।
পুলিশের রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। তদন্ত চলছে। তিনি বলেন, নিহত কুনিও ২০১১ সাল থেকে রংপুরে আসতেন। তাঁর বিষয়ে সব ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন ধরে আটকে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গেও তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না। একজনের স্বজন পুলিশ হেফাজতে নির্যাতনেরও অভিযোগ করেছেন। একজন পুলিশের হাতে আটক হওয়ার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি। আর জেলা বিএনপি ও যুবদলের দুই নেতাকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার দাবি তাঁদের স্বজনেরা করলেও পুলিশ এখনো বিষয়টি স্বীকারই করেনি। এসব বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথাও বলছেন না।
গত শনিবার রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি কুনিও হোশিকে গুলি করে হত্যা করে। ওই দিনই কুনিওর বাড়িওয়ালা এ কে এম গোলাম জাকারিয়া, রিকশাচালক মুন্নাফ আলী, কুনিওর অংশীদার হুমায়ুন কবীর ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে (যাঁদের বাড়ির সামনে হত্যাকাণ্ড ঘটে) ‘জিজ্ঞাসাবাদের’ জন্য আটক করা হয়। গত শনিবার সন্ধ্যায়ই হৃদ্রোগে আক্রান্ত হন গোলাম জাকারিয়া। তিনি পুলিশ প্রহরায় সিসিইউতে চিকিৎসাধীন।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে আটকদের একজন হুমায়ুন কবিরের স্ত্রী পারভিন খাতুন গতকাল অভিযোগ করেন, তিন দিন ধরে স্বামীর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। থানায় গেলে পুলিশ তাঁর সঙ্গে বাজে আচরণ করছে, তাড়িয়ে দিচ্ছে।
পারভিন বলেন, প্রায়ই মোটরসাইকেলে করে কুনিওকে মুন্সিপাড়া থেকে আলুটারি গ্রামে নিয়ে যেতেন হুমায়ুন। মাঝে মাঝে মেয়েকে স্কুলে দিতে গেলে কুনিও রিকশায় করে খামারে যেতেন। শনিবার সকালে হুমায়ুন বাসায় ছিলেন। আলুটারি গ্রাম থেকে কেউ একজন ফোন করে হুমায়ুনকে কুনিওর গুলিবিদ্ধ হওয়ার খবর জানান। সঙ্গে সঙ্গেই ছুটে যান তিনি।
পারভিন বলেন, ‘আমাক খালি কইল, জাপানি গুলি খাইছে। এরপর দৌড়াইল। জাপানিক নিয়া ও মেডিকেলে গেছে। সেইখান থেকে এক কাপড়েই ওকে নিয়া গেছে পুলিশ।’ তিনি জানান, হুমায়ুনের সঙ্গে তাঁর ছোট ভাই তিতাসকেও ধরে নিয়ে যায় পুলিশ। তিতাসকে পুলিশ অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলে পারভিন জানান। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পারভিন বলেন, স্বামীর খোঁজ না পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি কুনিও যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক জাকারিয়ার সঙ্গে দেখা করতে মুন্সিপাড়ায় যান। সেখানে গিয়ে জানতে পারেন যে জাকারিয়াকেও পুলিশ ধরে নিয়ে গেছে। ওই বাড়ির সামনে প্রহরারত কয়েকজন পুলিশ সদস্যকে দেখতে পান পারভিন। ওই পুলিশ সদস্যদের কাছে জানতে পারেন, তাঁর স্বামী হুমায়ুন কোতোয়ালি থানায় রয়েছেন।
পারভিন বলেন, ‘রোববার সকাল সাতটার দিকে পাউরুটি, কলা আর এক বোতল পানি নিয়া গেলাম কোতোয়ালি থানায়। ডিউটি অফিসারের রুমে ঢুকি বললাম স্বামীর সঙ্গে দেখা করতে চাই। আমাক উনি তাড়ায় দিলেন। আমি অনুরোধ করে পানিটা দিবার কইলাম। পুলিশ অফিসার কইল, আপনার চায় ভালো পানি আমরা দিচ্ছি, কুনো সমস্যা নাই। আপনি যান। বাইর হওয়ার সময় দেখি আমার স্বামী আর দেবর। আমাক দেখি দুজনে কান্না শুরু করল।’
পারভিন বলেন, এরপর রোববার প্রায় সারা দিনই থানায় পার করেন তিনি। থানায় থাকা পুলিশ সদস্যরা একবার বলেন পুলিশ সুপারের কার্যালয়ে যেতে, তো আরেকবার বলে কাউনিয়া থানায় যেতে। তিনি একাধিকবার পুলিশ সুপারের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু ফটক থেকেই তাঁকে তাড়িয়ে দিয়েছেন সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা। গতকাল সোমবার আবারও তিনি স্বামীর সঙ্গে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন।
এ বিষয়ে পুলিশের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ শুধু প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। হুমায়ুন কবীরসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। তা এখনো অব্যাহত আছে।
রংপুর কোতোয়ালি থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের থানায় রাখা হয়েছে। তবে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। তাই তাঁদের ছাড়া হচ্ছে না। আবার তাঁরা যেহেতু আসামি নন, তাই তাঁদের আটক বা গ্রেপ্তার দেখানো হচ্ছে না।
আরও পড়ুন: