কুনিও হত্যার প্রধান সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার কথিত প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তির নাম মাসুদ রানা (৪০)। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি কুনিওকে হত্যার কথা স্বীকার করেছেন।

মাসুদকে কবে ও কোত্থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য দেননি ডিআইজি হুমায়ুন কবীর।

রংপুরের কাউনিয়া থানা-পুলিশের একটি সূত্রের ভাষ্য, মাসুদকে বেশ কয়েক দিন আগেই ধরা হয়েছে। তবে বিষয়টি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে তাঁকে কুনিও হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার মাসুদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এ ঘটনায় কাউনিয়া থানায় পুলিশ বাদী একটি মামলা করে। ওই মামলায় আগে থেকেই পাঁচজন গ্রেপ্তার আছেন।