কুনিও হত্যায় তিনজন আটকের দাবি র্যাবের

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করার দাবি করেছে র্যাব-৫। অন্যদিকে ওই তিনজনের পরিবারের অভিযোগ, গত মাসের শুরুর দিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের তুলে নিয়ে যায়।
র্যাব-৫ এর ভাষ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন—রাজিব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল। তিনজনেরই বাড়ি রংপুরে শহরে।
আজ সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর ক্যাম্পে ওই তিনজনকে গণমাধ্যমকর্মী কর্মীদের সামনে হাজির করা হয়। সেখানে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সাতনইল থেকে রাজিবকে আটক করে। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিদিরপুর থেকে নওশাদ ও কাজলকে আটক করা হয়। এই দুজনের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল মাহবুব আলমের ভাষ্য, র্যাবের জিজ্ঞাসাবাদে ওই তিনজন কুনিও হোশি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনজনই রংপুরের চিহ্নিত সন্ত্রাসী। রংপুরে রাজিবের বিরুদ্ধে হত্যাসহ আটটি, নওশাদের বিরুদ্ধে দুটি ও কাজলের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানীর ভাষ্য, ওই তিনজনের নামে একাধিক মামলা আছে।
কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, ‘তিনজনকে আটকের খবর শুনেছি। আমাদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করার পরে কুনিও হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বলা যাবে।’
পরিবার ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, রাজিবের (২৮) বাড়ি রংপুর শহরের শাহীপাড়ায়। তিনি মহানগর যুবদলের সদস্য। নওশাদের (২৬) বাড়ি শহরের জুম্মাপাড়ায়। কাজলের (৩২) বাড়ি শহরের শালবন মিস্ত্রিপাড়ায়।
রাজিবের স্ত্রী সামিয়া আক্তার গত মাসেই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, ৫ অক্টোবর ঠাকুরগাঁও থেকে রংপুরে আসার পথে সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর স্বামীকে উঠিয়ে নিয়ে যান।
নওশাদের বাবা আবদুল লতিফের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১০ অক্টোবর তাঁর ছেলেকে রাজশাহী থেকে তুলে নিয়ে গেছেন।
কাজলের পরিবারের ভাষ্য, কাজলকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় ৭ অক্টোবর।
চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।
এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান বিপ্লব নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। আর রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।