রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন দুই জঙ্গি ভারতে পালিয়ে গেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে এ কথা বলেন। গতকাল বুধবার পত্রিকাটির অনলাইনে এ খবরটি প্রকাশ করা হয়।
জাপানি নাগরিক কুনিও হোশি গত ৩ অক্টোবর রংপুরে হত্যার শিকার হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (জঙ্গিদের) উপস্থিতি সম্পর্কে ভারতের কর্তৃপক্ষকে সতর্ক করেছি।’ তিনি জানান, বাংলাদেশের কর্তৃপক্ষ ওই জঙ্গিদের ছবি ও ঠিকানা ভারতের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি ১৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেও আইএসের হুমকি নিয়ে আলোচনা করা হয়েছে।
ঢাকা থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের চারপাশের সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যের সুনির্দিষ্ট কিছু এলাকাকে জঙ্গিরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে।’ তিনি আরও জানিয়েছেন, যদিও কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ওই দুই আইএস সদস্যকে ভারতের ভেতরে খুঁজে বের করার চেষ্টা চলছে, তাঁরা ভারতকে যে তালিকা দিয়েছেন, তাতে ২০৪ জনের নাম রয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশ যেসব গোয়েন্দা তথ্য দিয়েছে, তার ওপরে কাজ করছেন তাঁরা। সন্দেহভাজন ওই আইএস জঙ্গিদের ধরার চেষ্টা চলছে।