হবিগঞ্জে ‘সাংসদ আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লিগ’-এর র্যা ফল ড্রয়ের কুপন বিক্রি করছে জেলা ক্রীড়া সংস্থা। প্রতিদিন মোটরসাইকেল পুরস্কারের ঘোষণা দিয়ে কুপন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, র্যা ফল ড্রয়ের কুপন বিক্রির লিখিত কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে সাংসদ আবু জাহিরের উপস্থিতিতে এক সভায় এ ব্যাপারে মৌখিক সিদ্ধান্ত হয়।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহিরের নামে গত ২৩ ফেব্রুয়ারি থেকে নবনির্মিত জেলা স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ক্রিকেট লিগ চলবে ১৭ মার্চ পর্যন্ত। এ লিগের অর্থ জোগানের জন্য জেলা ক্রীড়া সংস্থা বিশেষ র্যা ফল ড্রয়ের আয়োজন করেছে। সংস্থাটি ২০ টাকা মূল্যের র্যা ফল ড্রয়ের কুপন বিক্রির জন্য সাজিদুর রহমান পণ্ডিত নামের এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। ওই ব্যক্তি ‘দৈনিক তামান্না র্যা ফল ড্র’ নাম দিয়ে এ কুপন মাইকিং করে শহরে বিক্রি করছেন। মোটরসাইকেলসহ নানা পুরস্কার পাওয়ার আশায় এ কুপন কিনছেন অনেকে। জেলা স্টেডিয়ামে প্রতি রাতে এ ড্র হয়।
শহরের রিকশাচালক হারুন মিয়া জানান, মোটরসাইকেল পাওয়ার আশায় প্রতিদিন তিনি চার-পাঁচটি কুপন কিনছেন। দুই সপ্তাহে তাঁর ভাগ্যে কোনো পুরস্কার জোটেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আইনজীবী সমিতির এক সদস্য জানান, এ ধরনের র্যা ফল ড্র চালানোর কোনো বৈধতা নেই। জেলা ক্রীড়া সংস্থার কিছু লোক ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এভাবে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।
এ ব্যাপারে র্যা ফল ড্রয়ের দায়িত্বে থাকা সাজিদুর রহমান পণ্ডিত জানান, তিনি জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে এ র্যা ফল ড্রর ইজারা নিয়েছেন। তিনি প্রতিদিন মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কার দিচ্ছেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জানান, সাংসদ আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লিগে তাঁদের ব্যয় হবে পাঁচ লাখ টাকা। এর মধ্যে সাংসদ আড়াই লাখ টাকা অনুদান দেবেন। বাকি টাকা র্যা ফল ড্রয়ের কুপন বিক্রি করে সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে সাংসদ আবু জাহিরের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ব্যক্তিগত সহকারী সুদীপ দাস জানান, সাংসদ দেশের বাইরে রয়েছেন।