কুপিয়ে ও গলা কেটে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল উদ্দিনকে (২৪) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চরম্বার নাসির মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

কামালের বড় বোন নিলু আক্তারের ভাষ্য, রাতে বিদ্যুৎ চলে গেলে বাড়ির পাশের একটি চায়ের দোকানে যান কামাল। সেখান থেকে বাড়ি ফেরার সময় চার-পাঁচজন লোক তাঁর ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী বলে দাবি করা কয়েকজনের কাছে তিনি এ কথা শুনেছেন। ঘটনার পর কামালকে প্রথমে পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামাল মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা চায়ের দোকানদার হাবিবুর রহমানের ভাষ্য, কয়েক মিনিটের মধ্যে হামলাকারীরা কামালকে কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে যায়। এরপর আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।

কামালের রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম বলেন, কে বা কারা কামালকে কেন হত্যা করল, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ময়নাতদন্তের জন্য কামালের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতি​বেদনে কামালের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি।