কুপিয়ে জখম করার পর এবার পুড়িয়ে হত্যার চেষ্টা
হামলায় আহত আনোয়ার হোসেন (৪১) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুনের (৩৮) চিকিৎসা বাবদ গ্রাম্য সালিসে দুই লাখ টাকা জরিমানা করা হয় কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিদের। কিন্তু ওই টাকা না দিয়ে আসামিরা এবার তাঁদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন আনোয়ার ও জাহানারা। ঝিনাইদহ শহরতলির গোপীনাথপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আনোয়ার বলেন, শুক্রবার রাতে তাঁরা বাড়ির পশ্চিম পাশের মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। একই ঘরের পূর্ব পাশের কক্ষে ঘুমায় তাঁর ছেলে মামুন হোসেন (১৩) ও মেয়ে উপমা (৯)। রাত একটার দিকে হঠাৎ আগুন লাগার বিষয়টি টের পেয়ে বের হওয়ার চেষ্টা করলে বাইরে থেকে দরজা বন্ধ পান। তখন তাঁদের চিৎকারে পাশের কক্ষ থেকে মামুন চালের টিন কিছুটা ফাঁকা করে বের হয়ে আসে। এরপর তাঁদের দরজা খুলে দেয়। পরে সবার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভান। আগুনে তাঁদের গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে গেছে। শোয়ার ঘরটি মাটির ও ওপরে টিন থাকায় আগুন ছড়াতে কিছুটা দেরি হয়। সন্ত্রাসীরা তাঁদের পুড়িয়ে মারতেই ওই আগুন দিয়েছে।
জাহানারা বলেন, গত ২৪ অক্টোবর বেলা ১০টার দিকে তাঁদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মামুন ও প্রতিবেশী নিশাত হোসেন বাড়ির পাশে একটি মেহগনি বাগানে ক্রিকেট খেলছিল। ওই সময় বাগানের মালিক একই এলাকার মিলন হোসেন তাদের তাড়া করেন। বিষয়টি তিনি (জাহানারা) জানতে গেলে মিলন ও তাঁর স্ত্রী বুলবুলি খাতুন তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে স্বামী আনোয়ার এগিয়ে গেলে তাঁরা তাঁকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। তিনি স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও তাঁরা কুপিয়ে আহত করেন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরেন।
জাহানারা বলেন, তাঁর স্বামীরও বাঁ হাত অকেজো হয়ে গেছে। ঠিকমতো কাজ করতে পারেন না। তাঁরা স্বামী-স্ত্রী পঙ্গু হয়ে পড়ে আছেন। পরে ওই ঘটনায় তাঁরা ঝিনাইদহ থানায় একটি মামলা করেন। মামলায় বুলবুলি জামিন নিলেও মিলন পলাতক রয়েছেন। এরই মধ্যে গ্রামের লোকজন তাঁদের চিকিৎসার খরচের কথা চিন্তা করে সালিসের আয়োজন করেন। সেখানে গ্রাম্য মাতবরেরা আসামিদের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। জাহানারা অভিযোগ করেন, ওই টাকা না দেওয়ার জন্য আসামিরা তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ ঘটনায় মামলা করা হবে।
মিলন ও বুলবুলির বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। কয়েকজন প্রতিবেশী বলেন, ওই ঘটনার পর থেকে তাঁদের দেখা যাচ্ছে না। এ ব্যাপারে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।