কুপিয়ে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে ইউসুফ আলী (৪০) নামের ওই ব্যবসায়ীর টাকা ছিনতাই করে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউসুফের স্ত্রী শাহানূর বলেন, বাদামতলী থেকে ফল কিনতে সায়েদাবাদ জনপথ মোড় এলাকার বাড়ি থেকে গতকাল ভোর ছয়টার দিকে বের হন তাঁর স্বামী। ইউসুফকে বহনকারী রিকশাটি দয়াগঞ্জ মোড় আসার পর মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তাঁকে ঘিরে ফেলে। এ সময় ওই যুবকেরা ইউসুফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তাঁর স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ইউসুফের দুই হাত ও কোমরে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে।