রাজধানীর মধ্যবাড্ডায় গতকাল শনিবার দুপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়া (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। দুলালের পারিবারিক সূত্র জানায়, দুলাল পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার কুমিল্লাপাড়া মোড়ে একটি বাসায় থাকতেন। গতকাল বেলা পৌনে দুইটার দিকে তিনি বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন লোক এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে তাঁর স্ত্রী কাকলী আক্তারসহ অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রেদোয়ান আহমেদ নামে দেড় বছরের একটি শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ছাড়া গত শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মোহাম্মদ আলী (৩০) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশাচালক। নিজস্ব প্রতিবেদক|