চট্টগ্রামের মিরসরাইয়ে আ.লীগের তিন নেতা-কর্মীর বাড়িতে হামলা
কুপিয়ে-পুড়িয়ে যুবলীগের নেতাকে হত্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর চরপুকুরিয়া গ্রামে গত শনিবার দিবাগত রাতে যুবলীগের নেতা মো. মহিউদ্দীনকে (৩৫) কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন পাঁচজন।
নিহত মহিউদ্দীন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি কমরআলী সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক। আট ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঘরের ভিটার ওপর মহিউদ্দীনের পোড়া দেহাবশেষ পড়ে আছে। বসতঘরসহ আসবাব, তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
মহিউদ্দীনের বড় ভাই মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত তাঁদের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁদের বসতঘরের চারদিকে গানপাউডার ও পেট্রল ছিটিয়ে দেয়। এরপর তারা ককটেল, ফাঁকা গুলি ও জাহাজের সিগন্যাল লাইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মহিউদ্দীনকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় দুর্বৃত্তদের কিরিচের আঘাতে তাঁর বাবা এতিম আলী (৭৫), মা সুফিয়া বেগম (৬৫), ছোট বোন বেবি আক্তার (২৫) আহত হন। এ ছাড়া দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তাঁর ছোট ভাই হারুন অর রশিদও (২৮) আহত হন। হামলার একপর্যায়ে তিনি পালিয়ে যান।
মো. শাহজালাল বলেন, পরে দুর্বৃত্তরা তাঁর মা-বাবা ও ভাইবোনকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তাঁরা ঘরে ফিরে মহিউদ্দীনের পোড়া লাশ দেখতে পান। তিনি জানান, তাঁর আহত মা-বাবা ও ভাইবোনকে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মোস্তফাসহ মহিউদ্দীনের কয়েকজন প্রতিবেশী প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা মিছিল করে ওই বাড়িতে ঢুকে মুহুর্মুহু ককটেল ও গুলি ছুড়তে থাকে। যে কারণে কেউ এগিয়ে যাওয়ার সাহস পায়নি। ধ্বংসযজ্ঞ শেষ করে দুর্বৃত্তরা ‘নারায়ে তাকবির’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলে যায়।
স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দীনের বসতঘরে অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা পাশের বাড়িতে আওয়ামী লীগের সমর্থক আবুল হোসেনের বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে। মহিউদ্দীনের বাড়িতে হামলার সময় আবুল হোসেনের পরিবারের সদস্যরা ঘর থেকে পালিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, মহিউদ্দীনের বাড়িতে হামলার সময় আরেক দল দুর্বৃত্ত একই ইউনিয়নের উত্তরবালিয়াদি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানের বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় শাহজাহানের ছেলে রাজীব (২৭) ঘর থেকে বেরিয়ে এলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এ তিনটি হামলায় ১৫০-২০০ জন দুর্বৃত্ত অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মহিউদ্দীনের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জামায়াত-শিবিরের দুষ্কৃতকারীরা এসব হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুইয়া বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চলছে।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, দুদিন আগে সীতাকুণ্ডে যুবদলের এক নেতা খুন হয়েছেন। ওই ঘটনার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।