কুপিয়ে ও গলা কেটে চারজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক শিশুর ও জামালপুরের মেলান্দহে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরে এক নারীকে ও কিশোরগঞ্জে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতীর বড় বাসালিয়া গ্রামের রায়হান (৮), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বিশ্বাসপাড়ার রোমেচা বেগম (৬৫) ও অজ্ঞাতনামা নারী (৩০), কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টিকুয়াইল গ্রামের অটোরিকশাচালক আবদুর রহমান (২২)। এ ছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাখারীকাঠি গ্রামে ফজলুল হক হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।

সখীপুর(টাঙ্গাইল): থানার পুলিশ জানায়, তিন মাস আগে রায়হানের মা আলেয়া আক্তার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের সবজি ব্যবসায়ী রিপন মিয়াকে বিয়ে করেন। এরপর থেকে রায়হান তার নানির সঙ্গে বল্লা বাজার এলাকায় ভাড়াবাড়িতে থাকত। ১৫ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় রায়হান। পাঁচ দিন পর রোববার সন্ধ্যায় আলেয়া আক্তার কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় পুলিশ তাঁকে সখীপুর থানায় অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধারের খবর জানায়। ওই রাতেই আলেয়া আক্তার সখীপুর থানায় এসে লাশের ছবি ও পরনের পোশাক দেখে নিজের ছেলেকে শনাক্ত করেন।

ফরিদপুর: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্নি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন অভিযোগ করেন, তিনি রোববার সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সাজ্জাদ করিমের লোকজন তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তাঁর ফুফু রোমেচা বেগম প্রতিবাদ করেন। এতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে রোমেচা ও তাঁর ছেলের স্ত্রী লিমা বেগমকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তাঁরা।

জামালপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবহলা গ্রামের একটি ধানখেতে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে অজ্ঞাতনামা ওই নারীর গলা কাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কিশোরগঞ্জ: পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট থেকে কয়েকজন লোক ধনাইল যাওয়ার কথা বলে আবদুর রহমানের অটোরিকশায় ওঠেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনেরা আবদুর রহমানের লাশ শনাক্ত করেন।

মঠবাড়িয়া (পিরোজপুর): রোববার বিকেলে নিহত ফজলুল হক হাওলাদারের সঙ্গে একই বাড়ির মোস্তফা হাওলাদারের সুপারি চুরির ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। মোস্তফা হাওলাদার তাঁর বাগানের সুপারি চুরির জন্য ফজলুল হক হাওলাদারের নাতি আমির হোসেনকে দায়ী করলে ঝগড়ার সূত্রপাত হয়। বিকেল পৌনে চারটার দিকে ঝগড়ার একপর্যায়ে মোস্তফা তাঁর সঙ্গে থাকা টর্চলাইট দিয়ে ফজলুল হকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। মোস্তফা হাওলাদারকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।

[প্রতিবেদন তৈরি করেছেন ফরিদপুর অফিস,  সখীপুর (টাঙ্গাইল), জামালপুর ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি এবং কিশোরগঞ্জ সংবাদদাতা]